ঢাকাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়জন জেলা প্রশাসককে বদলি এবং উপসচিব পদ মর্যাদার নয় কর্মকর্তাকে নয়টি জেলায় দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রশাসনে যখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে ঠিক তখন নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলা পেল নতুন প্রশাসক।
জেলাগুলোর মধ্যে ছয়টিতে অন্য জেলা থেকে বদলি হয়ে যাচ্ছেন ডিসিরা।
এদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান যাচ্ছেন নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে, ভোলার মো. আজাদ জাহান গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম ঢাকায়, সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলাম যাচ্ছেন গাইবান্ধায় এবং খুলনার মো. তৌফিকুর রহমান যাচ্ছেন বগুড়ায়।
এছাড়া বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে জেলা প্রশাসক হিসেবে মাগুরায় পদায়ন করা হচ্ছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনায়, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরায়, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাটে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়ায় এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


