পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার সকাল থেকেই ছিল তরুণদের কোলাহল। গ্যালারিতে জেলা দলের গুটিকয়েক সমর্থক, ডাগআউটে কোচদের নির্দেশনা আর কোর্টজুড়ে দ্রুতগতির আক্রমণ, সব মিলিয়ে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় দিন জমে ওঠে ফলাফলের দিক থেকেই।
দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দেয় ঢাকা জেলা। জামালপুরের বিপক্ষে ৪২-১২ গোলের বড় জয় পায় তারা। প্রথমার্ধেই ১৯-৮ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ঢাকা। দ্রুত পাসিং আর সংগঠিত রক্ষণে জামালপুরকে ম্যাচে ফিরতেই দেয়নি তারা।
পরের ম্যাচে যশোর ও ফরিদপুরের লড়াইয়ে দেখা যায় একই চিত্র। শুরু থেকেই আক্রমণাত্মক যশোর ৩৭-২১ গোলে ফরিদপুরকে হারায়। প্রথমার্ধেই ২৩-১৩ গোলে এগিয়ে থেকে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে নেয় যশোর।
দিনের তৃতীয় ম্যাচে পঞ্চগড় ও চাপাইঁনবাবগঞ্জের মুখোমুখি লড়াইয়ে তুলনামূলক নিয়ন্ত্রিত খেলায় পঞ্চগড় ৩০-১৬ গোলে জয় পায়। বিরতিতে ১৬-৮ গোলে এগিয়ে থাকা পঞ্চগড় দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে।
এরপরের ম্যাচে নাটকীয়তা ছড়ায় ময়মনসিংহ ও মাদারীপুরের লড়াই। প্রথমার্ধে ১৭-৮ গোলে এগিয়ে ছিল মাদারীপুর। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেয় ময়মনসিংহ। আক্রমণে ধার বাড়িয়ে ৪২-২৬ গোলের বড় জয় তুলে নেয় তারা, গ্যালারিতে তখন উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
দিনের সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচটি হয় পঞ্চগড় ও কুষ্টিয়ার মধ্যে। টানটান উত্তেজনার লড়াইয়ে ২৯-২৪ গোলে কুষ্টিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করে পঞ্চগড়। প্রথমার্ধে ১৬-১৩ গোলে এগিয়ে থেকেই ম্যাচের ভিত গড়ে তোলে তারা।
পঞ্চগড়ের মতো যশোরও দিনের দ্বিতীয় জয় পায়। নড়াইলের বিপক্ষে একতরফা ম্যাচে ৩৬-১৩ গোলে জিতে নেয় যশোর। প্রথমার্ধেই ২০-৬ গোলের বড় ব্যবধান ম্যাচের ফল প্রায় নির্ধারণ করে দেয়।
দিনের শুরুতে বড় ব্যবধানে হারলেও শেষটা রাঙাতে পারে জামালপুর। দিনের শেষ ম্যাচে ফরিদপুরের বিপক্ষে ২৩-১৪ গোলের জয় তুলে নেয় তারা। প্রথমার্ধে ১২-৯ গোলে এগিয়ে থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে জামালপুর।


