রাজধানীর রামপুরার উলন বাজার এলাকায় ছাদ থেকে পড়ে আয়ান মোহাম্মদ জাওজি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির চাচা জাহাঙ্গীর হোসেন জানান, উলন বাজারের ছয়তলা ভবনের চতুর্থ তলায় পরিবারটি থাকে। আয়ান শারীরিক প্রতিবন্ধী ছিল এবং তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট।
তিনি আরও জানান, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় ছাদ থাকলেও সেখানে কোনো নির্মাণকাজ হয়নি। দুপুরে পরিবারের অগোচরে আয়ান পঞ্চম তলায় গিয়ে লিফটের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বেটার লাইফ হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা আছে।


