ঈদুল আজহায় কোরবানি দেওয়া হচ্ছে না বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য শেষ পর্যন্ত ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, মহিষটি রাখার জন্য চিড়িয়াখানায় ইতোমধ্যে একটি শেড প্রস্তুত করা হয়েছে। হস্তান্তরের প্রক্রিয়া শেষে রাতেই সেটিকে চিড়িয়াখানায় আনা হবে এবং এটি সবার প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে মহিষটি ক্রেতার কাছ থেকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
এর আগে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে কোরবানি না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে এটিকে আগের খামারে ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের চূড়ান্ত ব্যবস্থা করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, মহিষটিকে মালিকের বাসা থেকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী। তাই এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।


