রাজধানীর ডেমরা এলাকায় প্রাইভেট কারের চাপায় রাজিবুল ইসলাম রাজীব (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মালিবাগে পাঞ্জাবির টেইলারিং ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের অদূরে আমুলিয়া মডেল টাউন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়েক খসরু তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মোছা. তুতিয়া বেগম জানান, রাজীব তার বন্ধু ইমনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাতে তারা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার একটি পাম্পে তেল নিতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন রাজীব এবং পেছনে ছিলেন ইমন। পথে একটি দ্রুতগতির প্রাইভেট কার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বন্ধু ইমন সামান্য আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিহত রাজীব ফরিদপুরের সালথা উপজেলার বাংবাইল গ্রামের শামসুল হকের ছেলে। তিনি রাজধানীর মুগদা এলাকায় বসবাস করতেন।


