ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। যাদের নিয়ে এ বছর মোট মৃত্যু হলো ১০১ জনের।

রোববারের বুলেটিনে অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৮ জন। তাতে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৩ জনে।

জুলাইয়ে দেশে ডেঙ্গুর যে পরিস্থিতি ছিল, আগস্টে তা আরও ভয়াবহ হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিদিনের ডেঙ্গু বিষয়ক বুলেটিন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ছিল ৩১৯ জন, মৃত্যু হয়েছিল তিন জনের। পরদিন রোগী ভর্তির সংখ্যা ছিল ৪২৮ জন, সেদিনও মারা যায় তিনজন। বৃহস্পতিবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪০৮, মৃতের সংখ্যা তিন। পরদিন শুক্রবার কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও হাসপাতারে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৯০ জন।

শনিবারও তিনজনের মৃত্যু হয়, ভর্তি রোগীর সংখ্যা ছিল সেদিন ৩২৫ জন।

আরও পড়ুন

সব মিলিয়ে আগস্টের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এ তথ্য কেবল স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত হাসপাতালের তথ্য, এর বাইরেও দেশে থাকা অসংখ্য হাসপাতাল-ক্লিনিকের তথ্য অধিদপ্তরের তালিকায় আসে না।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এর আগে গত জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের, যা কিনা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল গত জুনে; ১৯ জন।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যায়। এর মধ্যে কেবল মার্চ মাসে কোনও ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর নথিবদ্ধ হয়নি।

সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৪৮ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা বরিশাল বিভাগে; ৯৫ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৭ জন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন দুই জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো তিন জনের মথ্যে দুই জন ঢাকার, একজন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে ৯ বছরের এক ছেলে শিশু ঢাকার মিটফোর্ড হাসপাতালে, ৪০ বছরের এক পুরুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২৩ বছরের এক তরুণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার। সে বছরে রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এই রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন; তার মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad