ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এই পদের দায়িত্ব সামাল দেবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। তিনি সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মো. সরওয়ারকে ডিএমপির দৈনন্দিন কার্যাবলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অন্তর্বর্তী সরকারের শাসনামলে ২০২৪ সালের ২০ নভেম্বর যাকে ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের নয়দিনের মাথায় সরে গেলেন তিনি।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে চাকরিচ্যুত হন। সেসময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে। একই সঙ্গে ডিএমপি কমিশনারের দায়িত্ব দেয়।


