ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন, শেরে বাংলা নগর ও আদাবর থানায় পাঁচজন করে এবং তেজগাঁও ও হাতিরঝিল থানায় চারজন করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোসা. বিথী বেগম, মো. শাকিল, মো. রিপন, মো. নাদিম সরকার, মো. ফরহাদ হোসেন, মো. লুৎফর রহমান, মো. বাবু ও রতন মিয়াসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে তেজগাঁও বিভাগের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


