ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়েরের সাথে ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা যায়।
ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্র এলাকায় উভয়পক্ষের বাক-বিতণ্ডা হলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নানা অভিযোগে তারা একে অপরকে দুষছেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল সমর্থিত প্যানেলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী সাঈদ আলী শিথিল অভিযোগ করে বলেন, ‘আমরা সবাই ভোটকেন্দ্রগুলোর বাইরে থেকে সকলের থেকে দোয়া প্রার্থনা করছিলাম। সেখানে তারা (এবি জুবায়ের সমর্থকরা) এসে আমাদের উপর “মব করার চেষ্টা” করে। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’

অপরদিকে এবি জুবায়ের অভিযোগ তুলে বলেন, ‘একাধিক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রগুলোর বাইরে প্রচারণা চালাচ্ছে।’
পর্যবেক্ষকের দায়িত্বরত সলিমুল্লাহ মুসলিম হল প্রভোস্ট ড. আবদুল্লাহ আল মামুন বলেন,‘ভোটকেন্দ্রগুলোর ভেতরে ভোটের পরিবেশ বজায় রাখা অনেক জরুরি। আমরা ভোটকেন্দ্রগুলোর ভেতরে পর্যবেক্ষকের দায়িত্বে আছি।’
‘এসব বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা উচিত, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে,’ হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অভিযোগ, ‘ভোটকেন্দ্রগুলোতে পর্যপেক্ষকগণ ছাত্রশিবিরকে আলাদা সুবিধা দিয়ে যাচ্ছে।’
সকাল থেকে ব্যাপক সংখ্যায় শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসছেন। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে উদগ্রীব।
ঢাবির ভোট ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছেন। শুধুমাত্র আইডি কার্ডধারী শিক্ষার্থী এবং অনুমোদিত ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি রয়েছে।

ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। যাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।
ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস, পানির বোতল বা তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।


