হবিগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত: রেল যোগাযোগ বন্ধ, তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত: রেল যোগাযোগ বন্ধ, তদন্ত কমিটি গঠন
তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। চলাচল স্বাভাবিক হতে আরও কত সময় লাগতে পারে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম।

এছাড়া এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আতাউর রহমান খাদেম জানান, রাত আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে এরইমধ্যে দুইটি উদ্ধার করা হয়েছে এবং বাকি বগিগুলো উদ্ধারের কাজ চলছে।

এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে মনতলা রেলস্টেশন অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

তেলবাহী ট্রেনের খাদে পড়ে যাওয়া লাইনচ্যুত বগি। ছবি: টাইমস

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। কয়েকটি বগি ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং কিছু লোক লাইনচ্যুত বগি থেকে তেল লুট করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে সূত্র জানায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। মনতলা স্টেশন এলাকায় পৌঁছালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে একটি বগি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তেল লুটপাট বন্ধ করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাই উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব জানান, উদ্ধার কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। রেললাইন সচল না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর