বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন।
বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেন তিনি।
দীর্ঘ ১৮ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। এতদিন রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। গত বছর অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেননি।
ফলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি হিসাবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।
অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান ট্রাভেল পাস চাইলেই পাবেন। দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফেরার পর সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
এর আগে, গত ১২ ডিসেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন।’
বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


