নানান নাটকীয়তা পেরিয়ে মাঠে গড়িয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু গেল এশিয়া কাপের মতো এই ম্যাচেও টসের পর হ্যান্ডশেক করেননি কোনো দলের অধিনায়কই।
টসের পর ধারাভাষ্যকার পমি এমবাঙ্গওয়ার সাথে কথা বলে সোজা মাঠ ছেড়েছেন সালমান। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও এগিয়ে আসেননি হ্যান্ডশেক করতে। সব মিলিয়ে হ্যান্ডশেক কান্ডে আগের অবস্থানেই রইল দুই দল। যদিও শনিবার সংবাদ সম্মেলনে সালমান জানিয়েছিলেন তাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই হ্যান্ডশেক করতে। বরং স্পিরিট অফ ক্রিকেটকে প্রাধান্য দেয়ার কথাই বলেছিলেন। অবশ্য সূর্যকুমার সরাসরি কোনো মন্তব্য করতে চাননি এই বিষয়ে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ম্যাচের জন্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। স্পিন আক্রমণে আছেন শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও উসমান তারিক। অন্যদিকে ভারতের একাদেশে এসেছে দুটি বদল। সাঞ্জু স্যামসনের বদলে একাদশে ফিরেছেন অভিষেক শর্মা। পেটের সংক্রমণে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই বাঁহাতি ওপেনার। স্পিন আক্রমণে শক্তি বাড়িয়েছে ভারতও। পেসার আর্শদীপের বদলে এসেছেন কুলদীপ যাদব।
পাকিস্তান একাদশ
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান তারিক
ভারত একাদশ
অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।


