কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, বুধবার ভোরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ উপজেলার কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে নয় রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড তাজা কার্তুজ, সাত রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, দুইটি দেশীয় বিস্ফোরক, দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও তিনটি দেশি অস্ত্র জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীদের শনাক্ত ও আটক করতে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলা-বারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


