শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিককে পলাতক দেখিয়ে তাকে গ্রেপ্তারের নোটিশ জারির আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে।
দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোন টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিল মূলে ফ্ল্যাটের দখল বুঝে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তদন্ত কর্মকর্তাদের বরাতে বলা হয়, ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের গুরুতর অনিয়মের কারণে ওই ফ্ল্যাট হস্তান্তরযোগ্য ছিলো না জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সুবিধা নিয়ে রাজউকের আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডকে ফ্ল্যাট বিক্রি অনুমোদন করিয়ে বিনামূল্যে তা বুঝে নেন।
কিন্তু মামলা করার আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণ ও আলামত বিনষ্ট করার চেষ্টা করছেন বলে তাকে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন বলে মনে করে দুদক।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এর আগে পূর্বাচলে রাজউকের নতুন শহর প্রকল্পে অবৈধ ক্ষমতা ব্যবহার করে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।


