ঝিনাইদহে সাইবার ক্রাইম তদন্ত সেলের সেবা পেলেন ১০৩ ভুক্তভোগী

ঝিনাইদহে সাইবার ক্রাইম তদন্ত সেলের সেবা পেলেন ১০৩ ভুক্তভোগী
ছবি: ঝিনাইদহ জেলা পুলিশ
Advertisement
Advertisement

ঝিনাইদহে গত ১০ মাসে অনলাইনকেন্দ্রিক বিভিন্ন অপরাধের শিকার ১০৩ ভুক্তভোগীকে সেবা দিয়েছে নবগঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সাইবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নানভাবে সাইবার বুলিংয়ের শিকার ওই ভুক্তভোগীরা।

এছাড়া হারানো ও চুরি হওয়া ৬৯৪টি মোবাইল উদ্ধারের পাশাপাশি বিকাশ, নগদসহ বিভিন্ন অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনে প্রতারণার শিকার ৫১ জনকে ছয় লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করে বুঝিয়ে দিয়েছে জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

২৫ বছরের এক ভুক্তভোগী তরুণী জানান, সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি ছড়ানোর হুমকি দিয়ে এক যুবক তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকে। মানসিকভাবে ভেঙে পড়ার পর তিনি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সম্পর্কে জানতে পারেন এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দ্রুত অভিযোগ আমলে নিয়ে আইনি পদক্ষেপ নেয়। এরপর থেকে আর ওই ব্যক্তি তাকে ব্ল্যাকমেইল করছে না।

একই ধরনের তথ্য দেন ৩০ বছর বয়সী আরেক নারী। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তার ভুয়া ছবি তৈরি করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তখন সাইবার ইনভেস্টিগেশন সেলে অভিযোগ করার পর তারা অভিযুক্তকে আইনের আওতায় এনে ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে প্রমাণ করেন।

আরও পড়ুন

কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার নামের এক ব্যক্তি জানান, কয়েক মাস আগে তার ঘর থেকে একই দিনে দুটি স্মার্ট ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় জিডি করলেও ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। তবে দুই মাস পর জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল নাটোর থেকে তার একটি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তাকে বুঝিয়ে দিয়েছে।

জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্য এএসআই মো. ইখলাছুর রহমান বলেন, ‘আমরা সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারিত টাকা উদ্ধার, অনলাইন জুয়া, সাইবার বুলিংয়ে জড়িত অপরাধীদের প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে তাদের আইনের আওতায় আনছি। এরইমধ্যে শতাধিক ভুক্তভোগীকে সেবা দেওয়া হয়েছে।’

ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, ‘সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সর্বোচ্চ পেশাদারত্বের পরিচয় দিয়েছে।’ এসময় সাইবার অপরাধের যেকোনো ঘটনায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা সাইবার সাপোর্ট ইউনিটে অভিযোগের আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর