হাইকোর্টে বিদিশার জামিন

হাইকোর্টে বিদিশার জামিন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে।

আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মো. মাসুদ মিয়া।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী মাসুদ মিয়া বলেন, বিদিশার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় হাইকোর্টে জামিন হওয়ায় তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

আরও পড়ুন

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পরে জামিন চেয়ে আবেদন করা হলেও ২ সেপ্টেম্বর তা নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন বিদিশা। সেই আবেদনের শুনানি শেষে রোববার তাকে জামিন দেওয়া হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর