ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে। তারা দুজন বন্ধু এবং মোটরসাইকেল আরোহী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আরিফ ও সোহান ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে তেল নিয়ে নিজ বাড়ির দিকে ফিরছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র থ্রি-হুইলারের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ফলে ঘটনাস্থলে ওই দুই কিশোরের মৃত্যু হয়।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা জাহানুর আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


