৭ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

৭ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি: টাইমস
Advertisement
Advertisement

দীর্ঘ সাতদিনের অচলাবস্থা কাটিয়ে আংশিকভাবে উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র।

রোববার দুপুর ২টা থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু করা হয়। এর মাধ্যমে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রটি এক অংশে উৎপাদন শুরু হলো।

গত ১৯ অক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর থেকে ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই কার্যত অচল। ফলে, ১৯ অক্টোবর অন্যতম গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে ৫২৫ মেগাওয়াট হলেও এই কেন্দ্রটি কখনোই তার পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ১ ও ২ নম্বর ইউনিটে ১২৫ মেগাওয়াটের জায়গায় ৬০-৭০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটে ২৭৫ মেগাওয়াটের জায়গায় ১৬০ থেকে ১৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

প্রধান প্রকৌশলী জানান, অন্যান্য ইউনিটগুলো চালু করতে প্রস্ততকারক চীনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে বন্ধ থাকা ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হলেও এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে।

তিনি বলেন, ‘এই ইউনিটের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে এটি চালু করতে তিন মাস সময় লেগে যেতে পারে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad