ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
১১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে সংগঠনটির সব পদের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও তার আর প্রয়োজন হয়নি।
নির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪-এর রতন আচার্য, কোষাধ্যক্ষ পদে আরটিভির জরুল ইসলাম জলিল, দপ্তর সম্পাদক পদে এসএ টিভির বরকত হোসেন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের মইনুল হক লিপু এবং ক্রীড়া সম্পাদক পদে নাগরিক টিভির সাইফুল ইসলাম।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির দুলাল সাহা, একাত্তর টিভির তরুণ সরকার ও জি টিভির শহিদুল আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৭ মে নির্বাচন পরিচালকের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ১৯ মে ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সংগঠনটির মোট ভোটার সংখ্যা ২২ জন।


