জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করা কুরাসাও নিজেদের দ্বিতীয় ম্যাচেই চমকে দিল। শক্তিশালী ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ইতিহাস গড়ল ক্যারিবীয় দ্বীপদেশটি।
রোববার কানসাস সিটিতে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইকুয়েডরের। তবে কুরাসাওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক এলয় রুমের অনবদ্য নৈপুণ্যে তারা গোলের দেখা পায়নি।
পুরো ম্যাচে একাই ১৫টি সেভ করে ইকুয়েডরকে হতাশ করেন রুম। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের ১৬টি সেভের পর, এটিই বিশ্বকাপের মঞ্চে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা গোলকিপিং প্রদর্শনী।
কাগজে-কলমে ফেভারিট ইকুয়েডরের বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও কঠোর পরিশ্রমে নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে কুরাসাও। প্রথম ম্যাচে সাত গোল খাওয়া দলটির জন্য এই এক পয়েন্ট আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উপলক্ষ। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে পয়েন্ট অর্জন কুরাসাওয়ের ফুটবলে বিশেষ স্থান করে নেবে।
অন্যদিকে আধিপত্য দেখিয়েও গোল করতে না পেরে নকআউট পর্বের লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারাল ইকুয়েডর।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয়ের সমান আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয় দলটি। আর এই আনন্দের কেন্দ্রবিন্দুতে ছিলেন গোলরক্ষক এলয় রুম, যার বীরত্বে ইতিহাস গড়ল কুরাসাও।


