নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধা ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীর আলমকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার তাকে ক্লোজ করা হয়। শনিবার রাতে গাইবান্ধা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে নিঝুম নামের এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারীসহ স্থানীয়দের হাতে তিনি অবরুদ্ধ হন।
বাসাটিতে তাদের অবস্থান টের পেয়ে স্থানীয় লোকজন সেটি ঘিরে ফেলেন। পরে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর পরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অভিযুক্তদের সরিয়ে নেওয়া হয়। বিষয়টি গোপন থাকলেও শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরেই তাকে ক্লোজ করে সংশ্লিষ্ট বিভাগ।
আলতাব হোসেন বলেন, ‘পলাশবাড়ীর ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।’


