পিরোজপুরের নাজিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত আরিফুল ওই উপজেলার হায়দার ব্যাপারীর ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত বৃহস্পতিবার বিকেলে আরিফুল ও স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সে সময় ঘরে কেউ ছিল না। আশরাফুলকে বাইরে রেখে আরিফুল ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
শনিবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা বিষয়টি জানতে পারেন। তাকে পিরোজপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।’
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


