ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
সকালে উপজেলা জামায়াতের অফিসে জরুরি সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিতে পারে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ধারণা করছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগুনের ঘটনায় অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।’
অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


