জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠক করেছে। বুধবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া।
সভায় সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করা হয় এবং বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা হয়। কমিশন জানায়, বৃহস্পতিবার সকালে নিজেদের মধ্যে বৈঠক শেষে দুপুর ২টায় আবারও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে।
কমিশনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।
এ িছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে উপস্থিত ছিলেন।


