ঢাকার কদমতলীতে গণসংযোগ চালানোর সময় দুর্বত্তদের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াতে ইসলামীর এক নারীনেত্রী।
বুধবার বিকালে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি, তিনি জামায়াতের রুকন।
আহত জামায়াত নেত্রী জানান, ‘ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের প্রচারণার অংশ হিসেবে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে তারা গণসংযোগ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং জয়নুল আবেদীনকে তারা চেনেন না বলে বিভিন্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’
এরপর তারা একটি সরু গলির মধ্যে প্রবেশ করলে হঠাৎ করে কেউ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় বলে জানান মারিয়া ইসলাম।
তিনি জানান, হামলাকারীকে তিনি দেখতে পাননি। তবে আহত অবস্থায় এক রিকশাচালক তাকে কাছের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। তার মাথায় চারটি সেলাই পড়েছে।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান সন্ধ্যায় বলেন, জামায়াতের একজন নারী আহত হয়েছেন। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


