গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ গাইতে গিয়েছিলেন ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গ। সেদিন দুপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার পর মারা যান তিনি। বাংলা, অসমিয়া ও হিন্দি ভাষায় গেয়েছেন অসংখ্য গান। হঠাৎ মৃত্যুর কারণে তার অনেক গান অপ্রকাশিত রয়ে গেছে। সেগুলো থেকে বুধবার তার ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘অবুঝ পাখি’।
গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল ‘জুটি’তে এসেছে গানটি। জুলফিকার রাসেলের লেখা গানের সুর ও সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

জুলফিকার রাসেল জানান, তার লেখা ৭টি বাংলা গানে ২০১৫-১৬ সালে কণ্ঠ দেন জুবিন গর্গ। আসামে তার ব্যক্তিগত স্টুডিওতে এগুলোর রেকর্ডিং হয়। পরে জুবিনের পরামর্শে এসব গানের হিন্দি সংস্করণ করা হয়। বিভিন্ন সময় কলকাতায় এসে সেগুলোতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলা-হিন্দি মিলিয়ে সেই হিসেবে ১৪টি ট্র্যাক রয়েছে। ‘অবুঝ পাখি’ সেগুলোরই একটি। এর হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুবিন গর্গ যেহেতু বেঁচে নেই, তাই তার অপ্রকাশিত গানগুলো কীভাবে বের হবে সেই বিষয়ে জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলীর মধ্যে এক ধরনের চিন্তা ছিল। তারা এর দায়িত্ব পুরোপুরি জুবিনের স্ত্রী গরিমা গর্গের ওপর ছেড়ে দিয়েছেন।
এ নিয়ে আলোচনার জন্য টুনাই দেবাশীষ গাঙ্গুলী গত ১৫ নভেম্বর আসামে গিয়ে গরিমা গর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গরিমা কিছুদিন ধরে অসুস্থ থাকায় খুব বেশি আলোচনার সুযোগ হয়নি। তিনি আপাতত জুবিনের জন্মদিন উপলক্ষে একটি গান দ্রুত প্রকাশের পরামর্শ দেন।
জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলীর চাওয়া, তাদের করা সব গান ধীরে ধীরে প্রকাশ করে এসব থেকে প্রাপ্ত অর্থ জুবিন গর্গের নামে থাকা ট্রাস্টে জমা দিয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া।


