রাঙামাটি নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ে ক্লাস নিতে যাওয়ার সময় সহকর্মীদের জন্য অপেক্ষা করার এক পর্যায়ে তিনি জাম গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঐ শিক্ষিকার নাম শতাব্দী চাকমা। তিনি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষিকা ছিলেন। তার বাড়ি রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জে।
শতাব্দীর সহকর্মীদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার সময় নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ নামক স্থানে পৌঁছে সহকর্মীদের জন্য অপেক্ষা করছিলেন শতাব্দী। তবে তাদের পৌঁছাতে বেশি সময় লাগায় তিনি পাশের একটি জাম গাছে ফল পাড়তে উঠেন।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং তার হাত পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেন, ‘শতাব্দী চাকমা নামের এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’


