জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে, তবে ধর্ম ব্যবহার করে ফায়দা তোলে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এর আগের দিনই ধর্মকে ব্যবহার করে জামায়াতে ইসলামীর রাজনীতির কঠোর সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর প্রতিক্রিয়ায় ডা. শফিক বলেন, জামায়াত রাজনৈতিক লাভের জন্য ধর্মকে কখনোই ব্যবহার করবে না। তার দল সম্পূর্ণভাবে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নিজেদের কাজ করে।
তিনি সাংবাদিকদের জানান, ইইউ প্রতিনিধিদল আসন্ন জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। এছাড়াও তারা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জামায়াতের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চেয়েছিল।
জামায়াতের আমির বলেন, বাংলাদেশের মানুষ গণভোটের বিষয়টি পুরোপুরি জানে না। তারা কিভাবে একইসঙ্গে দুটি ভোট সামলাবেন, তা এখনও অস্পষ্ট। এর ফলে নির্বাচনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই জামায়াতে ইসলামী দুটি নির্বাচন আলাদাভাবে আয়োজনের পরামর্শ দিয়েছে। সরকার চাইলে এখনও এটি করতে পারে।
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলেও জানান ডা. শফিক। তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক দলকে বাদ দেবেন না।
খালেদা জিয়ার অসুস্থতা কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার স্বাস্থ্য কেমন থাকবে, তা আল্লাহ নির্ধারণ করেন। দেশের মানুষ খালেদা জিয়ার আরোগ্যের জন্য দোয়া করছেন। একই সঙ্গে, সকলকে এটি মেনে নিতে হবে এবং সমাজের কার্যক্রম বাধাহীনভাবে চালিয়ে যেতে হবে।


