জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত আদেশ জারি করে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ভোটের দাবি জানিয়েছে দলটি।
বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।’
একদিনে গণভোট আর নির্বাচন সম্ভব নয় জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনের দিন গণভোট করতে চাইলে মানুষের নজর সেদিকে থাকবে না। কোন কারণে নির্বাচন পিছিয়ে গেলে জুলাই সনদ বাস্তবায়ন ঝুলে যাবে।’ তাই নভেম্বরের শেষের দিকে গণভোট করার পরামর্শ দেন তিনি।
ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করাই দলের প্রথম পদক্ষেপ হবে বলে জানান নায়েবে আমির তাহের। দেশের নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, ‘এরইমধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে মত দিয়েছে জামায়াত। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।’
এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয় বরং স্থায়ীভাবে মাঠে রাখার দাবিও জানান তিনি।
বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কমনওয়েলথ-এর প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সদস্যরা।


