জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে কোন জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ডা. শফিকুর রহমান জানান, জামায়াত কোনো জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি। জোট গঠন করবেও না। জামায়াত এককভাবে আগামী নির্বাচন করবে।
সকল পক্ষের অংশগ্রহণে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করেন জামায়াতের আমির। তবে জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন দেরি হলে নানা রকম অস্থিরতা তৈরি হবে বলেও সতর্ক করে দেন তিনি।
সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিক বলেন, জাতির কাছে প্রবাসীদের অনেক উচ্চাশা রয়েছে। তারা জাতি গঠনে অবদান রাখতে চান। কিন্তু তাদের গুরুত্বপূর্ণ অবদান সত্বেও জাতি তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে পারেনি।


