জাবি সিন্ডিকেটে অধ্যাপক নাহরিনকে অন্তর্ভুক্তির দাবি

জাবি সিন্ডিকেটে অধ্যাপক নাহরিনকে অন্তর্ভুক্তির দাবি
অধ্যাপক নাহরিন ইসলাম খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সিনেট সদস্য, সাবেক ছাত্রদল ও জাকসু নেতারা।

সম্প্রতি দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতারা এই দাবি জানান। এতে বলা হয়, অধ্যাপক নাহরিন একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক। আন্তর্জাতিক পর্যায়ে তার একাডেমিক ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কাঠামোতে তার অভিজ্ঞতা কাজে লাগানো হলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হতে পারে।

বিবৃতিতে তার শিক্ষাজীবন ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন তথ্য তুলে ধরে জানানো হয়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীকালে জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল গভর্নেন্স বিষয়ে মাস্টার্স এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন অ্যান্ড ইনোভেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ, গবেষণা অনুদান ও সম্মাননা পেয়েছেন বলেও উল্লেখ করা হয়।

জাকসু নির্বাচন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, নির্বাচন নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাৎক্ষণিক পদত্যাগ করে নির্বাচন বর্জন করা তিন শিক্ষকের একজন ছিলেন অধ্যাপক নাহরিন। তার জাকসু নির্বাচনসংক্রান্ত বক্তব্যের বিষয়ে গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

আরও পড়ুন

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে কলাম লেখা এবং টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে মতামত দেওয়ার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৪ নভেম্বর সিরাজগঞ্জের একটি আদালতে অধ্যাপক নাহরিনের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। এ ছাড়া তাকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাধারণ ডায়েরি (জিডি) করার খবরও গণমাধ্যমে আসে।

যৌথ বিবৃতিতে সইকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, প্রশাসনিক সুশাসন ও নীতিনির্ধারণী কার্যক্রমে অধ্যাপক নাহরিনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে সইকারীদের মধ্যে রয়েছেন সাবেক জাকসু ভিপি ও জাবি ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি মো. মুনির হোসাইন, মো. জসীম উদ্দিন, ইলিম মো. নাজমুল হোসেন, আশরাফুল আলম খান জুয়েল, আবদুল হাই মল্লিক পারভেজ ও জাকিরুল ইসলাম জাকির; সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ধীমান, আবদুর রহমান বাবুল, নাজমুল হাসান অভি ও আবু সাইদ ভূঁইয়া; সাবেক সদস্যসচিব সাহেদ জুয়েল; সিনেট সদস্য ও সাবেক সহসভাপতি সাবিনা ইয়াসমিন; সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমা শিল্পী ও রবিউল ইসলাম রবি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সহসভাপতি হাফিজুর রহমান সোহানসহ জাবি ছাত্রদল ও বিভিন্ন হল সংসদের নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad