দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শুরুতে একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
শনিবার বিকাল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
ফলাফল ঘোষণার শুরুতে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটানিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম,সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা রয়েছেন।
এর আগে, দুপুর আড়াইটার দিকে ভোট গণনা সম্পন্ন হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
আলবেরুনী হল সংসদ
সহসভাপতি (ভিপি) নির্বাচিত রিফাত আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক (জিএস) মুনতাসির বিল্লাহ খান ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদমান হাসান খান।
১৩ নং (ছাত্রী) হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদাতুন হাসানা, জিএস মোহসিনা তুবা ও এজিএস সাদিয়া মেহজাবিন।
নওয়াব ফয়জুন্নেসা হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও এজিএস প্রার্থী নেই।
১০ নং (ছাত্র) হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান ও এজিএস নাদিম মাহমুদ।
১৫ নং (ছাত্রী) হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা ও এজিএস শাহানা আক্তার।
শহীদ সালাম-বরকত হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন, জিএস মাসুদ রানা ও এজিএস আবরার আজিম ভুঁইয়া।
মাওলানা ভাসানী হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার ও এজিএস রাকিব হাসান।
মীর মশাররফ হোসেন হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম ও এজিএস আরাফাত হোসেন।
আ ফ ম কামাল উদ্দিন হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার ও এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ ও এজিএস সামিন ইয়াসির।
২১ নং (ছাত্র) হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব, জিএস হয়েছেন ওলিউল্লাহ মাহাদী ও এজিএস তুষার আহমেদ।
শহীদ রফিক-জব্বার হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান, জিএস শরিফুল ইসলাম ও এজিএস আরিফুল ইসলাম।
ফজিলতুন্নেসা হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম ও এজিএস প্রমা রাহা।
শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন সিফাত উল্লাহ, জিএস হয়েছেন মাহমুদুল হাসান ও এজিএস তারিক আহমেদ।
বেগম খালেদা জিয়া হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন ফারহানা রহমান, জিএস ফাতেমা তুজ-জোহরা ও এজিএস রায়হানা সরকার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদ
ভিপি নির্বাচিত হয়েছেন অমিত কুমার বণিক, জিএস মাহমুদুল হাসান ও এজিএস মির্জা আদনান ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।
বৃহস্পতিবার জাকসুর ভোটগ্রহণ করা হয়। ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে।
জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে নয়জন, জিএস পদে আটজন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ছয়জন।
এবারের নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেল আটটি হলো গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের তিনটি ও স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেল।
ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’
এবারের জাকসু নির্বাচনে সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল ইসলামী ছাত্রশিবির। নির্বাচনে শিবিরের সমর্থিত প্যানেলের নাম ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। তাদের প্যানেলে ভিপি পদে রয়েছেন জাবি শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব ও জিএস পদে মনোনয়ন পেয়েছে জাবি শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। এজিএস পদে ফেরদৌস আল হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এই প্যানেলে স্থান পেয়েছেন ছয়জন নারী শিক্ষার্থী। এ ছাড়া রয়েছেন জাবিতে অধ্যয়নরত এক দম্পতি ও জুলাই আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীও।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’
নির্বাচনে অংশ নিতে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা। ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে গঠিত প্যানেলে ভিপি পদে রয়েছেন বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। জিএস পদে লড়বেন সংগঠনটির জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে জিয়া উদ্দিন আয়ান।
ছাত্রদল সমর্থিত প্যানেল
জাকসু নির্বাচনে জিএস পদে একজন নারী রেখে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে জাবি শাখা ছাত্রদল। এই প্যানেলে ভিপি পদে রয়েছেন ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি মো. শেখ সাদী হাসান। জিএস পদে এবারের নির্বাচনের একমাত্র নারী প্রার্থী ও ১৩নং ছাত্রী হল শাখা ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী। এ ছাড়া এজিএস (পুরুষ) পদে মো. সাজ্জাদুল ইসলাম এবং এজিএস (নারী) পদে আঞ্জুমান আরা ইকরাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
‘সম্প্রীতির ঐক্য’
নির্বাচনে বামপন্থীদের হয়ে একটি পূর্ণাঙ্গ ও দুটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা বিভাজন এর পেছনে মূখ্য কারণ বলে জানা গেছে।
ভিপি প্রার্থিহীন হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্র ইউনিয়নের (অদ্রি-অর্ক) একাংশের সমর্থনে গঠিত আংশিক পূর্ণাঙ্গ প্যানেল। ২৫ সদস্যের হয়ে গঠিত হলেও পর্বরতীতে ছাত্রত্ব না থাকায় বাতিল করা হয়েছে প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়কে। ভিপিহীন এই প্যানেলের নাম ‘সম্প্রীতির ঐক্য’। যেখানে রয়েছে সর্বোচ্চ ১১ জন নারী প্রার্থী, সাতজন আদিবাসী, ছয়জন সনাতন ধর্মাবলম্বী, তিনজন বৌদ্ধ ও দুইজন খ্রিস্টান ধর্মাবলম্বী প্রার্থী। এই প্যানেলে জিএস পদে রয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শরন এহসান। এজিএস (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত ও এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি।
‘সংশপ্তক পর্ষদ’
ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) নিয়ে গঠিত বামপন্থীদের আরেক অংশ শুধুমাত্র পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। ‘সংশপ্তক পর্ষদ’ নামে গঠিত এই প্যানেল ভিপি প্রার্থী ছাড়াই ঘোষণা করা হয়। এতে জিএস পদে রয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) জাহিদুল ইসলাম ইমন। এই প্যানেলের বাকি সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া জন্নাতুল ফেরদৌস, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহসমাজসেবা ও মানব উন্নয়ন সম্পাদক (নারী) পদে সাদিয়া ইমরোজ ইলা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) আংশিক প্যানেল
জাকসু নির্বাচনে জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) কৃর্তক তিন সদস্যের আরও একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়।যেখানে সহসাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী হিসেবে আছেন ছাত্রফ্রন্ট জাবি শাখার একাংশের সংগঠক মো. সজিব আহম্মদ জেনিচ। এ ছাড়াও কার্যকরী সদস্য (নারী) পদে রোকেয়া আমিন অনুসূয়া এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে মো. সুমন হোসেন রয়েছেন।
‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’
ক্রিয়াশীল সংগঠন ছাড়া এবারের জাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে আরও দুইটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে গঠিত স্বতন্ত্রদের নিয়ে এই প্যানেলের ভিপি পদে লড়ছেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, জিএস পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী, এজিএস (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা। এই প্যানেলে নারী এজিএস পদে রাখা হয়নি কোনো প্রার্থীকে।
‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে স্বতন্ত্রদের আরও একটি আংশিক প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে ভিপি পদে রয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ, জিএস (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাগছাস থেকে বিদ্রোহ করা মো. নাজমুল ইসলাম। এ ছাড়া এজিএস পুরুষ ও নারী পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি এই প্যানেলে।


