জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনাস্থা প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন (একাংশ) সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।
বৃহস্পতিবার প্যানেলের ভিপি প্রার্থী স্মরণ এহসান এক লিখিত বক্তব্যে বলেন, ‘এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে না। আমরা নির্বাচন কমিশনের প্রতি পুরোপুরি আস্থা হারিয়েছি। তারা শুরু থেকেই আমাদের বিশ্বাসের প্রতি অবিচল ছিল না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের প্রথম থেকেই কেন্দ্রে নানা অনিয়ম এবং অসংগতি দেখা যাচ্ছে। আমাদের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থিতা ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার পর থেকে এই অনিয়মের শুরু। ভোটগ্রহণের সময় প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাতিত্ব এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার চূড়ান্ত অনিয়ম স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।’
স্মরণ এহসান আরো জানান, ‘ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। ভোটগ্রহণের শুরু থেকেই নানা অভিযোগ পাচ্ছি। সকালে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট পাঠাই, তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয় এবং অনুৎসাহিত করা হয়।’
অপরদিকে, ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া জামান নিকি বলেন, ‘বিভিন্ন হলের প্রথম দুই-তিন ঘণ্টা পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। এমনকি কিছু হলে তাদের পোলিং এজেন্টদের অ্যাপ্লিকেশনেও সাইন লাগানোর কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ এবং অনির্দেশিত।’
প্যানেলটি আরও জানিয়েছে যে, নির্বাচন কমিশনকে আরও সতর্ক এবং পরিকল্পিত আচরণের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করা উচিত ছিল।


