দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সোহান নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তার পরিবার।
গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে কেতলেহং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় একটি মুদি দোকানের কর্মী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় তিনি দোকানের মালিকের সঙ্গে কাজ করছিলেন। এ সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
সোহানের বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কষ্টে বিদেশে পাঠিয়েছিলাম। আজ তার মৃত্যুর খবর শুনতে হলো। আমরা আমাদের ছেলেকে আর জীবিত ফিরে পাব না, তবে তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি, সেই ব্যবস্থা চাই।’
নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, ‘বহু ধার-দেনা করে সোহানকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল। হঠাৎ তার মৃত্যুর সংবাদে পরিবার শোকে ভেঙে পড়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও শুনেছি গুলিবিদ্ধ হয়েই সোহানের মৃত্যু হয়েছে।’
নিহতের মামা মহরম আলী মিঠু বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করছি, যেন দ্রুত আমাদের সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, ‘পরিবারটি অত্যন্ত অসহায়। তাদের একমাত্র স্বপ্ন ছিল সোহানকে ঘিরে। এখন তার মৃত্যুর খবরে পুরো এলাকা শোকাহত। সরকারের কাছে দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।’
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক বলেন, ‘আমরা প্রবাসী সোহানের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মরদেহ দ্রুত দেশে নিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি৷’


