হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলমহালের ইজারা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক মানুষ।
পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সরসের সাথে ইউপি সদস্য মুজিবুর রহমানের জলমহাল ইজারা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শুক্রবার রাতে সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সরসের পক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সাথে ইউপি সদস্য মুজিবুর রহমানের পক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন রাত ৮টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫), বারাম মিয়া (৪৮), জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমানকে (৪৫) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবার হোসেন বলেন, ‘পূর্ববিরোধ নিয়ে দুই পক্ষের লোকজনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’


