ক্যান্সার নিয়ে সচেতনতা গড়ে তুলতে দৌড়ের আয়োজন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহণ’। এবার অষ্টম বারের মতো ‘রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’ আয়োজন করল সংগঠনটি।
শুক্রবার এই আয়োজনে ক্যান্সার সারভাইভারসহ শিক্ষক, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও নানা শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল সাড়ে ৮টায় দৌড় শুরু হয়ে দোয়েল চত্বর ও টিএসসি হয়ে ভিসি চত্বর দিয়ে ফিরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
দৌড়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ক্যান্সার ইনস্টিটিউটের চিকিৎসক তানিয়া আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. মুমিত আল রশিদ।
আরও ছিলেন বিশ্ব পর্যাটক ও লেখক এলিহা বিনতে এলাহি, আয়রন ম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও আয়রন ম্যান ৭০.৩ চ্যাম্পিয়ন ফিনিশার আরাফাত হোসেন, সমুদ্রপৃষ্ট থেকে পায়ে হেঁটে এভারেস্টজয়ী ইকরামুল ইসলাম শাকিলসহ অনান্যরা।

অতিথির বক্তব্যে আহসান হাবীব বলেন, ক্যান্সার নিয়ে সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চা করতে হবে। এক্ষেত্রে দৌড় হতে পারে খুবই ভালো শারীরিক ব্যায়াম।
বক্তারা ক্যান্সার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং ‘হিমু পরিবহণের’ এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ব্যক্তি উদ্যোগ ও কেন্দ্রীয়ভাবে সুস্থ জীবন চর্চার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ জানান, আট বছর ধরে ক্যান্সার সচেতনতায় দৌড়ের আয়োজন করে যাচ্ছি। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে খরচ করা হবে।
তিনি আরো জানান, এর আগের আয়োজন থেকে প্রাপ্ত অর্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিকেলে দেওয়া হয়।
দৌড় আয়োজনে হিমু পরিবহণকে সহযোগিতা করে হেলথ কেয়ার ফার্মাসিউটিকেলস লিমিটেড।


