চিকিৎসকরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তারা আশা করছেন শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছলে রোববার তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।’
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেণ মির্জা ফখরুল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং এখন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে তাকে স্থানান্তর করা জরুরি। চিকিৎসক দলের “ফিট টু ফ্লাই” সনদ মিললেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।’
আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়াকে ছয় বছরের কারাগারে কাটাতে হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘এর মধ্যে দুই বছর তাকে পুরনো নির্জন কারাগারে আটক করে রাখা হয়েছিল। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।’
‘করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন।’


