সিলেটের কোম্পানীগঞ্জে চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ।
ভুক্তভোগী যুবকের নাম জালাল মিয়া (২৪)। তিনি ক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এলাকার একটি বাড়িতে চুরির সন্দেহে জালাল মিয়াকে তার নিজের বাড়ির পুকুরপাড় থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। একপর্যায়ে থানায় ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী যুবক জানায়, চুরির ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবুও তাকে গাছে ঝুলিয়ে রেখে মারধর করা হয়েছে। এ ঘটনায় রাতেই জালালের মা শিরিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেন। পরে চিকিৎসার জন্য তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘চোর আটক করা হয়েছে’ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই প্রতিবন্ধী যুবক জানায়, চুরির ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। বরং তাকে নির্যাতন করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে আরফান মিয়া (৪৩) নামে একজনকে আটক করা হয়েছে।


