চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ‘নতুন চা-বাগান’-এ চা-শ্রমিকদের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘চা-শ্রমিকরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং চা-বাগানের প্রাণ। প্রবাসী আয় ও তৈরি পোশাক খাতের পাশাপাশি চা রপ্তানি করে দেশ যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাতে চা-শ্রমিকদের অবদান অনস্বীকার্য।’
তিনি আরও জানান, সরকার চা-শ্রমিকদের গুরুত্ব বিবেচনা করেই তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।
অনুষ্ঠানে চা-শ্রমিকদের কল্যাণে গৃহীত বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়। ৮টি নবনির্মিত ঘরের চাবি শ্রমিক পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়। ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং ১০০ জন চা-শ্রমিককে নতুন পোশাক এবং বিভিন্ন পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয়।
জেলা প্রশাসক জানান, নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবে, যা তাদের জীবনমান ও সন্তানদের শিক্ষায় সহায়ক হবে।
চা-শ্রমিকদের যাতায়াত সহজ করতে অনুষ্ঠানে ৭০০ ফুট দীর্ঘ একটি নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ ছাড়া পরিবেশ রক্ষায় একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন তিনি।
সবশেষে জেলা প্রশাসক চা-শ্রমিকদের যেকোনো সমস্যায় সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


