রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল ও অকার্যকর করার মাধ্যমে বিএনপি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছিল, বিএনপির বর্তমান অবস্থানে তা ধূলিসাৎ হতে চলেছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ রহিত করায় জাতি চরমভাবে আশাহত হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন না দিয়ে সেগুলোকে কার্যকারিতা হারাতে দেওয়া হয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা, জাতীয় মানবাধিকার কমিশন এবং সংসদ সচিবালয় সংক্রান্ত মোট ৭টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিতকরণ বিল পাসের মাধ্যমে বাতিল করা হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
ইসলামী আন্দোলনের দাবি, এই অধ্যাদেশগুলো ছিল স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার হাতিয়ার। এগুলো বাতিল করার মাধ্যমে বিএনপি মূলত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথই পরিষ্কার রাখছে।
সংসদে গণভোট অধ্যাদেশকে ‘প্রতারণার দলিল’ বলায় ক্ষোভ প্রকাশ করে দলটি জানায়, এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির অনেক নেতা গুমের শিকার হওয়া সত্ত্বেও গুম কমিশনকে লোপের দিকে ঠেলে দেওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা অত্যন্ত দুঃখজনক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো বিএনপির প্রতি সুধারণা পোষণ করতে চায় উল্লেখ করে মুখপাত্র বলেন, যেসব অধ্যাদেশ বাতিল বা লোপ করা হয়েছে, আগামী অধিবেশনেই যেন সে বিষয়ে আরও সুসংহত বিল উত্থাপন করা হয়। অন্যথায়, জনগণ নিজেদের দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


