চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদে ব্রেইল পদ্ধতিতে ভোট প্রদান করার ব্যবস্থা না রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটাররা।
বুধবার সকাল থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা চাকসু ভবনের দুই তলায় নিজেদের ভোট প্রয়োগ করেন।
রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও প্রীতিলতা হলের ভোটার মেহেরুন্নেসা পায়েল বলেন, ‘আমরা আগে জেনেছিলাম ব্রেইল পদ্ধতিতে আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারব। কিন্তু এখন এসে দেখছি আরেকজনের সহায়তা নিতে হচ্ছে।’
দৃষ্টিপ্রতিবন্ধী সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা বলেন, ‘আমরা ভোটে অংশগ্রহণ করলেও মনে আনন্দ নাই। অন্যের সহায়তায় ভোট দেওয়ায় আমার “প্রাইভেসি” নষ্ট হচ্ছে। আমার ভোট আমি কাকে দিচ্ছি এখন তো অন্যজন জেনে যাচ্ছে।’
বুধবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ১৩টি প্যানেলের মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ১৪টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৮৬ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। ১৫টি কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।


