ডোপ টেস্ট, চাকরিতে যোগদানের আগে বিয়ে, ফেসবুকে মন্তব্য করা সহ বিভিন্ন ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন ১ হাজার ৫২২ পুলিশ সদস্য।
চাকরিচ্যুতির প্রক্রিয়ায় নানা অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হলেও তা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা। দ্রুত চাকরিতে পুনর্বহাল করা না হলে আমরণ কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এসআই সিরাজুল হক বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের আগে ফেসবুকে মন্তব্য, ডোপ টেস্ট, চাকরির আগে বিয়ে ও পারিবারিক অভিযোগসহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন জেলা ও ইউনিটের ১ হাজার ৫২২ জনকে চাকরিচ্যুত করা হয়। ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা পুনর্বহালের দাবিতে আন্দোলন করি। পরে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন পুলিশ সদর দপ্তরকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে সবাইকে পুনর্বহালের প্রজ্ঞাপন দেন। এরপরও পুলিশ সদর দপ্তর টালবাহানা করছে।’
চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলেন, তাদের চাকরি পুনর্বহালের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশের পর পুলিশ সদর দপ্তরে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি একটি সুপারিশমালাও দেয়। এতে বিভাগীয় মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হওয়ার কথা উল্লেখ করা হয়। তবে এসব ত্রুটি-বিচ্যুতি নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পুনর্বহালের দাবি জানিয়ে ভুক্তভোগী পুলিশ সদস্যরা জানান অনতিবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচিতে যাবেন তারা।


