ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারের বিরুদ্ধে ২৭ বছরের কারাদণ্ডের রায় অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস এ আদেশ দেন। এর আগে বলসোনারোর আইনজীবী দল এ রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দফা আপিল করতে অস্বীকৃতি জানায়।
আদালতের পক্ষ থেকে বলা হয়, বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরে এই কারাভোগ করতে হবে। গত ২২ নভেম্বর ব্রাসিলিয়ায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এই নেতা। এরপর থেকে ফেডারেল পুলিশ সদর দপ্তরেই তাকে আটক রাখা হয়েছে।
ব্রাজিলে ২০২২ সালের সাধারণ নির্বাচন-পরবর্তী সময়ে ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২০২৩ সালের সেপ্টেম্বরে বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে জানানো হয়, তিনি গণতান্ত্রিক আইনের শাসন বিপর্যস্ত করার চেষ্টা, সশস্ত্র ষড়যন্ত্রে অংশগ্রহণ, সরকারি সম্পত্তি ধ্বংস এবং জাতীয় ঐতিহ্য ক্ষতিগ্রস্ত করার মতো অপরাধে জড়িত ছিলেন।
সে সময় এসব অভিযোগে তার বিরুদ্ধে ২৭ বছর তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হন সাবেক এই প্রেসিডেন্ট।
ডানপন্থি লিবারেল পার্টির (পিএল) নেতা এবং সাবেক সেনা অধিনায়ক বলসোনারো ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী, তিনি ক্ষমতায় থাকাকালে সাধারণ নির্বাচনে দেশের ভোটিং সিস্টেমকে দুর্বল করার চেষ্টা করেন।
২০২২ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বল্প ব্যবধানে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হন। পরাজয়ের ফলাফল মেনে না নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেওয়ার অভিযোগও ওঠে বলসোনারোর বিরুদ্ধে।


