দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৯৫৫ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ হাম পরিস্থিতি শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫৬ জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী এবং ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৬৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৭২৪ জন ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ৩৮২ জন। এরপর চট্টগ্রামে ২৫০, বরিশালে ১০৯ এবং সিলেটে ১০৪ জন। এ সময়ে সন্দেহজনক হাম-সম্পর্কিত পাঁচটি মৃত্যুর মধ্যে তিনটি ঢাকায় এবং দুটি সিলেটে হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকায় সবচেয়ে বেশি ৬৬ হাজার ৮২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরপর চট্টগ্রামে ২৯ হাজার ৭৩৭ এবং বরিশালে ১৬ হাজার ৮১৯ জন শনাক্ত হয়েছেন।


