জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ বল প্রয়োগ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া যারা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে বলেও জানান।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল, আদর্শ কিংবা ব্যক্তির প্রতি দুর্বলতা বা পক্ষপাত প্রদর্শন করা যাবে না।’

থানা এলাকায় টহল জোরদারের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না।’
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, ‘পুলিশ সদস্যদের সরকারি নীতিমালা অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। এছাড়া দৈনন্দিন কার্যক্রমে ডি-নথির ব্যবহার বাড়াতে হবে।’
এসময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ অন্যরা।
মাসিক অপরাধ সভায় অক্টোবর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।


