ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাচগাঁও গ্রামে। বর্তমানে বাবা বিএম মোখলেসুর রহমান ও মা স্কুলশিক্ষিকা কমলা আক্তারের সঙ্গে খিলগাঁও থানার পাশে থাকতেন।
তার চাচা মনিরুজ্জামান মনির জানান, এদিন বিকালে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন মুশফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ১০ তলা থেকে পড়ে মারা গেছে।
তিনি বলেন, এটি আত্মহত্যা হতে পারে না। কেউ ফেলে দিয়েছে নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছে, তা তদন্ত করে বের করার দাবি জানান তিনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘এদিন বিকালে তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভবনের ১০ তলা থেকে লাফিয়ে পড়েছেন। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


