যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০২৬ সালের এ র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৫২তম স্থানে রয়েছে।
বৃহস্পতিবার সকালে টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংটি প্রকাশ করে। বিশ্বের ৯৪টি দেশের মোট ৯১১টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র্যাংকিংটি তৈরি করা হয়েছে।
দ্বিতীয়বারের মতো প্রকাশিত র্যাংকিংয়ে এ বছর দেশের মোট ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
টাইমস হায়ার ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং বলতে মূলত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত একটি র্যাঙ্কিং, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞানে গবেষণা, শিক্ষা, প্রভাব ও উদ্ভাবনের মান মূল্যায়ন করা হয়।
এই র্যাঙ্কিং মূলত তিনটি কাঠামোর ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়–ইনপুট: অর্থায়ন ও গবেষণা বিনিয়োগ, প্রক্রিয়া: সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা ও প্রচার এবং আউটপুট: প্রকাশনা, গবেষণার মান, প্রভাব ও খ্যাতি।
এ তিনটি কাঠামোর অধীনে মোট ১১টি কর্মক্ষমতার সূচক বিশ্লেষণ করে চূড়ান্ত র্যাংকিং নির্ধারণ করা হয়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। তিনি এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।


