বিদেশিদের কর আইন বোঝা ও বিশ্লেষণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা দূর করতে চারটি আইন ও বিধিমালার অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এগুলো হলো–মূল্য সংযোজন কর আইন ২০১২, কাস্টমস আইন ২০২৩, আয়কর আইন ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, নির্ভরযোগ্য ইংরেজি টেক্সট না থাকায় দেশি–বিদেশি বিনিয়োগকারী এবং গবেষক–পেশাজীবীরা এসব আইনের ব্যাখ্যা, প্রয়োগ ও বিনিয়োগ–সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ছিলেন। বিদেশি বিনিয়োগকারীরা সরকারি রাজস্ব আইন ইংরেজিতে বিশ্লেষণ করে নীতিগত সিদ্ধান্ত নেন বলে এসব আইনের অথেনটিক ইংরেজি সংস্করণ তাদের জন্য অত্যাবশ্যক ছিল।
সরকারি গেজেট অনুযায়ী, আয়কর আইন ২০২৩–এর ইংরেজি ভার্সন ১৬ অক্টোবর প্রকাশিত হয়। ভ্যাট–সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬–এর ইংরেজি টেক্সট ১০ নভেম্বর এবং ভ্যাট আইন ২০১২ ও কাস্টমস আইন ২০২৩–এর ইংরেজি সংস্করণ ১৩ নভেম্বর বিজি প্রেস থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে আইনগুলোর ইংরেজি টেক্সট প্রস্তুত করেন। পরে আলাদা কমিটি সেগুলো পর্যালোচনা করে লেজিসলেটিভ বিভাগের ভেটিংয়ে পাঠায়।
ভেটিং শেষ হলে বিজি প্রেসে পাঠানোর পর আইন তিনটির ইংরেজি সংস্করণ গেজেট আকারে প্রকাশ করা হয়।
অথেনটিক ইংরেজি টেক্সট প্রকাশের ফলে রাজস্ব আইন প্রয়োগে অস্পষ্টতা দূর হবে এবং করদাতাদের আস্থা আরও বাড়বে বলে মনে করে এনবিআর।
সংস্থাটির মতে, এই আইনগুলো বিদেশি বিনিয়োগকারীদের বুঝতে আরও সহজ হবে এবং সামগ্রিকভাবে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশকে শক্তিশালী করবে।
আইন প্রণয়ন ও অনুবাদ প্রক্রিয়ায় যুক্ত বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনবিআর। সেই সঙ্গে বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের কারিগরি ও আর্থিক সহায়তার কথাও জানিয়েছে।


