আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকারে গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা বিএনপির প্রধান অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে গুলশানের হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ‘আগামীতে সরকারে গেলে বিএনপির প্রধান অগ্রাধিকার হবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। আর দুর্নীতির লাগাম টেনে ধরা। তা হলে অনেক কিছুর অনেক সমস্যার সম্ভাবনা কমে আসবে।’
তিনি বলেন, ‘আমরা যেসব পরিকল্পনা করেছি এগুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়ত অনেকগুলো কাজ করা সম্ভব হবে না।’
‘সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন। যেটি আপনারা নিজ নিজ অবস্থান থেকে আমাদের সহযোগিতা করতে পারেন,’ যোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগামী দিনে আমাদের প্রত্যাশা এবং শপথ হোক যে, আমরা যেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজটি আগামী সরকারের মাধ্যমে শুরু করতে পারি।’
‘এটা ঠিক, এই কাজের কোনো শেষ নেই। তবে, কাজের শুরুটা যাতে আমরা ভালো করতে পারি। এটিই হোক জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি,’ বলেন তিনি।
সভায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ প্রভৃতি বিষয়ে বিএনপির নানান পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংস্কৃৃৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই আলোচনা সভায় অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অধ্যাপক বোরহান উদ্দিন খান।


