পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর পরিবারের অর্থপাচার মামলায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
এদিন, আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রায়ের কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত চৌধুরী। পরে পুলিশ সদস্যদের কাঁধে ভর দিয়ে তাকে জেল হাজতে নেওয়া হয়।
দুদক জানায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ পুলিশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেঝো কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়। মামলার অনুসন্ধান চলাকালে বেনজীরের অর্থপাচারের সঙ্গে আসামি এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা পায় দুদক।
গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার উৎখাতের জন্য ‘ভিনদেশের এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এনায়েত করিম চৌধুরী (৫৫) ও তার প্রধান সহযোগী গোলাম মোস্তফা আজাদের (৪৯) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত।
একই মামলায় ১৫ সেপ্টেম্বর তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড থেকে এনায়েতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় আসামির বিরুদ্ধে হওয়া মামলার এজাহারে পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত চৌধুরীকে।
এ সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তার মোবাইল থেকে বর্তমান ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক’ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভিনদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করেছেন। তিনি বাংলাদেশের ‘অন্তর্বর্তী সরকার উৎখাতের গোপন মিশন’ নিয়ে ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসেছেন বলে স্বীকার করেন।


